সিদ্ধিরগঞ্জে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে আদমজী সুমিলপাড়া মুনলাইট সিনেমা হল এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে পুলিশ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবু কালাম শিকদারকে (৪৫) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার কালাম ওই এলাকার আবদুল বারেক মিয়ার বাড়ির ভাড়াটে ও সলেমুদ্দি শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালাম গত মঙ্গলবার শিশুটিকে বাসায় একা পেয়ে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর আগেও শিশুটির বাবার অসুস্থতায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার কালাম তাকে ধর্ষণ করেছে বলে জানিয়েছেন মেয়েটির চাচা।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজ অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির চাচা বাদী হয়ে মামলা করেছেন। তিনি আরও জানান, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।