ঈদের ছুটিতে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছেন বাংলাদেশের যুবা টেস্ট ফাস্ট বোলার খালেদ আহমেদ। অস্ত্রোপচার লাগবে বাঁ হাঁটুতে। এরপর সুস্থ হয়ে উঠতে প্রয়োজন আরও অন্তত তিন থেকে চার মাস। গত বছর ২৬ বছরের ডানহাতি খালেদের টেস্ট অভিষেক হয়। এই বছর নিউজিল্যান্ডেও একটি টেস্ট খেলেছেন। দুই টেস্টের অভিজ্ঞতা হলেও এখন টেস্ট দলে তাকে নিয়মিত ভাবা হয়। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গতকাল বলেছেন, ‘এটা আমাদের জন্য বড় ধাক্কা। তাকে আমরা আসন্ন টেস্ট সিরিজের জন্য তৈরি করছিলাম।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, আমআরআই রিপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে মেনিসকাস। অস্ত্রোপচার ছাড়া তাই উপায় নেই।
জুলাইয়ে আফগানিস্তান ‘এ’ দল বাংলাদেশ সফর করবে। ওই সফরে বাংলাদেশ ‘এ’ দলে খেলার কথা ছিল খালেদের। এই অবস্থায় হতাশ খালেদ বলেছেন, ‘বিশ্বকাপের ম্যাচ দেখছিলাম ঘরে। হঠাৎ পায়ে ক্র্যাম্পের মতো লাগে। দ্রুত পা ঠিক করে নিতে গিয়ে চোট পেয়ে গেলাম।’
আগামী নভেম্বরে বাংলাদেশ দল ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজের সঙ্গে দুটি টেস্টও খেলবে। বোঝা যাচ্ছে, সেই সিরিজে খালেদের থাকার সম্ভাবনা কম। আর এখনো তার অস্ত্রোপচারের দিন-তারিখ নির্ধারিত হয়নি।