বিআরটিসির বাস বন্ধের দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘট ২৩ জুন

সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে সিলেট বিভাগের চার জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং ব্রাম্মণবাড়িয়া জেলায় আগামী ২৩ জুন থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা। বুধবার এই ৫ জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের এক যৌথ সভায় এ ধর্মঘট আহ্বান করা হয়।

সিলেটের দক্ষিণ সুরমায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম। 

হবিগঞ্জ জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় সভায় বক্তারা বলেন, “গত ৩ জুন থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির বাস চালু করা হয়েছে। পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা না করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ায় মালিক-শ্রমিকদের জীবনে আর্থিক বিপর্যয় নেমে এসেছে। তাই অবিলম্বে সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধ করতে হবে। অন্যথায় আগামী ২৩ জুন থেকে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাম্মণবাড়িয়া জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করা হবে।”   

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম আহমদ, মৌলভীবাজার জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ, হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ব্রাম্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।