নতুন ছবির নাম ঘোষণা করলেন নির্মাতা দীপংকর দীপন। ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’। নির্মাতা জানিয়েছেন, সুন্দরবনে র্যাবের দুঃসাহসিক অভিনয় নিয়ে নির্মিত হবে ছবিটি। এটি প্রযোজনা করছে র্যাব ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস লিমিটেড।
১৩ জুন, বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় দুই প্রযোজনা প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান থ্রি-হুইলার্স লিমিটেড’র ভাইস চেয়ারম্যান খালেদুর রহমান জুয়েল এবং ছবির পরিচালক দীপংকর দীপন।
দীপংকর দীপন বলেন, ‘অপারেশন সুন্দরবন বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ থ্রিলার ছবি। সারা পৃথিবীতে এ ধরনের ছবির ব্যাপক চাহিদা রয়েছে। সুন্দরবনে যখন আমরা রিসার্চ করতে যাই তখন মনে হলো এখানে গ্যাংস্টারধর্মী ছবি নির্মাণের সকল উপাদান আছে।’
প্রধান অতিথির বক্তব্যে র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ সুন্দরবনকে দস্যুমুক্ত করায় র্যাবের ভূমিকার কথা তুলে ধরেন। সেই সঙ্গে সুন্দরবনে র্যাবের অভিযানের ওপর নির্মিতব্য সিনেমার প্রশংসা করেন। সিনেমাটি যেন পুরোপুরি উপভোগ্য করে নির্মাণ করা হয় সে জন্য নির্মাতাকে অনুরোধ করেন।
ছবির কলাকুশলীদের চূড়ান্ত তালিকা প্রকাশ না করা হলেও জানা গেছে, এই ছবির কেন্দ্রীয় চরিত্রে এবিএম সুমনকে দেখা যেতে পারে। এছাড়াও সম্ভাব্য অভিনয়শিল্পী হিসাবে থাকতে পারে তাসকিন, তারিক আনাম খান ও রোশান।