যৌন হয়রানির ঘটনায় কনস্টেবল বরখাস্ত

রাজবাড়ী রেলওয়ে নিরাপত্তা ব্যারাকে কাজের মহিলাকে (৪৫) যৌন হয়রানির ঘটনায় খলিলুর রহমান (৩৫) নামে নিরাপত্তা বাহিনীর এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজবাড়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ এএসআই আজিজুল হক শেখ এ তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত খলিলুর রহমানের সহকর্মীরা জানান, ৫-৬ মাস ধরে খলিলুর রহমান রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সাধারণ শাখায় কাজ করছেন। এর আগে নিরাপত্তা বাহিনীর আর্থিক লেনদেন শাখায় কাজ করতেন। তার বিরুদ্ধে এ ধরনের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। খলিলুর রহমানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে।

গত বুধবার বিকেলে ওই নারী রান্নার কাজে ব্যারাকে অবস্থান করছিলেন। এ সময় কনস্টেবল খলিলুর রান্নাঘরে ঢুকে তাকে শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে তার চিৎকারে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য সেখানে পৌঁছে ওই কনস্টেবলকে আপত্তিকর আচরণ করতে দেখেন।

রাজবাড়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ এএসআই আজিজুল হক জানান, বৃহস্পতিবার ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের টেলিফোন বার্তায় খলিলুর রহমানকে সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি জানতে পারেন।