মোবাইল ফোনে উচ্চ স্বরে কথা বলতে নিষেধ করায় চুন্নু ভূঁইয়া (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত বুধবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শনিরআখড়া বাসস্ট্যান্ড থেকে মিন্টু মোল্লা (৩২) নামে সৌদি প্রবাসী ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, গত ৯ জুন টঙ্গীর পূর্ব আরিচপুরের বাসিন্দা আতাউর রহমান খান জুয়েল নিজ বাসায় পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় বাসার সামনে রাস্তার ওপর আসামি মিন্টু মোল্লা মোবাইল ফোনে উচ্চস্বরে অশ্লীল ভাষায় কথা বলছিল। জুয়েল বারান্দা থেকে মিন্টুকে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করেন। এতে মিন্টু ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে। পরে জুয়েল বেড়াতে আসা তার সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) চুন্নুকে নিয়ে বাসার নিচে গিয়ে গালিগালাজের কারণ জানতে চাইলে তাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে মিন্টু প্যান্টের পকেট থেকে ছুরি বের করে চুন্নুর বুক ও পিঠে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা হয়। মামলার ছায়া তদন্ত করতে গিয়ে র্যাব-১-এর একটি দল মিন্টুকে গ্রেপ্তার করে।