ব্যথামুক্ত পালক তোলা

আগামী ২০১৯-২০ অর্থবছরের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব    বোর্ডের (এনবিআর) মাধ্যমে কর থেকে আসবে ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা আর এনবিআরবহির্ভূত কর থেকে আসবে ১৪ হাজার ৫০০ কোটি। সব মিলিয়ে ৩ লাখ ৩৯ হাজার ১০০ কোটি টাকাই আসবে কর থেকে।

বিপুল এই কর আদায়ে হার না বাড়িয়ে করের বিস্তৃতি বাড়ানো হবে বলে বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, আমাদের দেশে ৪ কোটি মানুষ মধ্যম আয়ের। অথচ এদের মধ্যে কর দেন মাত্র ২০ থেকে ২১ লাখ মানুষ। কর দেওয়া মানুষের সংখ্যা বাড়িয়ে রাজস্ব বাড়ানোর কথা বলেন অর্থমন্ত্রী।

এ সময় তিনি ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রী জ্যঁ ব্যাপিস্তে কোবার্টের একটি উক্তি তুলে ধরেন। ফরাসি ওই অর্থমন্ত্রী কর আদায়ে কৌশলী হতে তার কর্মকর্তাদের বলেছিলেন, ‘রাজহাঁস থেকে পালক ওঠাও যতটা সম্ভব ততটা, তবে সাবধান রাজহাঁসটি যেন কোনোভাবে ব্যথা না পায়।’

জ্যঁ ব্যাপিস্তে ১৬৬১ সাল থেকে ১৬৮৩ সাল পর্যন্ত রাজা চতুর্দশ লুইয়ের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সেই সময়ের তার দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে ভারসাম্য আনার প্রক্রিয়া শুরু করেন। এ ছাড়া তিনি ফরাসি উপনিবেশ বাড়ানোর মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার পদক্ষেপও নেন। তবে সবচেয়ে বেশি যে কারণে আলোচিত তিনি সেটি হচ্ছে করসংক্রান্ত। বিভিন্ন খাতে শুল্ক বাড়িয়ে তিনি ফরাসি অর্থনীতির আকার বাড়ানোর পক্ষে ছিলেন তিনি। অনেকে মনে করেন এই অর্থমন্ত্রীর কারণেই ফরাসি বিপ্লবের পথ খুলতে শুরু করেছিল।