প্রায় কুড়ি বছর ছুঁই ছুঁই আন্তর্জাতিক ক্যারিয়ারে দলকে অনেক কিছুই দিয়েছেন যুবরাজ সিং। ছিলেন ২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ অবদান ছিল মিডল অর্ডার এই ব্যাটসম্যানের। সম্প্রতি হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানানোর ঘোষণা দিলেন তারকা এই ক্রিকেটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় যুবরাজকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ক্রিকেটার স্বামীর অবসর ঘোষণায় আবেগতাড়িত হয়ে পড়েছেন যুবরাজের স্ত্রী অভিনেত্রী হেজেল কিচ। ইনস্টাগ্রামে স্বামীকে দ্বিতীয় ইনিংসের জন্য শুভেচ্ছা জানিয়েছেন হ্যাজেল।
স্ত্রীর পাশাপাশি যুবরাজকে শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক প্রেমিকা হিসেবে পরিচিত কিম শর্মাও। বলিউডের এই অভিনেত্রী যুবরাজের অবসর গ্রহণের সিদ্ধান্তে আবেগতাড়িত হয়ে পড়েছেন। টুইটারে তিনি লিখেছেন, “তুমি অসাধারণ খেলেছো যুবরাজ। তোমার খেলার কিছু মুহূর্তকে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাই।”
২০০৭ সালে কিম শর্মার সঙ্গে যুবরাজের সম্পর্কে জড়ানোর খবর রটেছিল। যুবরাজের সঙ্গে বলিউডের বেশ কয়েকজন নায়িকার সম্পর্কের গুঞ্জন চাউর হয়েছিল। দীপিকা পাড়ুকোন, মণীষা লাম্বা, রিয়া সেন, সামিতা শেট্টি, প্রীতি ঝাঙিয়ানি মতো অভিনেত্রীরাও যুবরাজকে পছন্দ করতেন বলে গুঞ্জন ছিল।