উরুগুয়ের মন্টেভিডিওতে যে মাঠ থেকে পেশাদার ফুটবলের পথচলা শুরু হয়েছিল, সেই সেন্টেনারিও স্টেডিয়ামেই কোপা লিবার্তাদোরেসের ফাইনালে পালমেইরাসের কাছে হারের পর ৪০ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় বলে দিলেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। ফাইনালে এস্তুদিয়ান্তেসের হয়ে শেষ ম্যাচ খেললেও শিরোপা ছোঁয়া হয়নি তাঁর, তবে শেষ দিন পর্যন্ত লড়াই করে যেতে পারার তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ার কথা জানিয়েছেন এই উরুগুইয়ান তারকা।
ফাইনাল হারের পর আবেগ ও তৃপ্তির মিশ্র অনুভূতি প্রকাশ করে ম্যাচ শেষে ফার্নান্দো মুসলেরা বলেন, ‘ফলাফল নিয়ে অনেক তিক্ততা আছে, তবে আজকের ম্যাচ পর্যন্ত আমরা যেভাবে লড়াই করেছি তাতে আমি সন্তুষ্ট। আমি খুব খুশি হয়ে বিদায় নিচ্ছি; ফলাফল যাই হোক না কেন, এটি ফুটবলেরই অংশ। আমার ক্যারিয়ারের জন্য এটা এক দারুণ সমাপ্তি। এস্তুদিয়ান্তেস আমার দেশ উরুগুয়েতে, যে স্টেডিয়ামে আমি পেশাদার অভিষেক করেছিলাম সেখানে এসেছে। ওরা গ্যালারি ভরিয়ে ফেলেছিল এবং সর্বশক্তি দিয়ে আমাদের সমর্থন দিয়েছে। এখন কথা বলা কঠিন, কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত লড়াই করতে পেরে আমি খুশি হয়ে বিদায় নিচ্ছি।’
ফাইনালে ওঠার পথে বিশেষ করে সেমিফাইনালে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে দারুণ পারফরম্যান্সে এস্তুদিয়ান্তেসের অন্যতম ভরসা ছিলেন মুসলেরা, কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে খুব বড় পরীক্ষার মুখে পড়তে হয়নি তাঁকে; দ্বিতীয়ার্ধের শুরুতেই রামন সোসার গোলটি ঠেকানোর মতো খুব বেশি কিছু করার ছিল না তাঁর।
ফাইনালের আগেই যে অবসরের বিষয়টি নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা সেরে রেখেছিলেন, সে কথাও জানিয়েছেন সাবেক এই গোলরক্ষক। অবসরের সিদ্ধান্ত ও কৃতজ্ঞতা প্রকাশ করে মুসলেরা আরও বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল, আমি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করিনি কিন্তু বোর্ডের সঙ্গে কথা বলেছিলাম। আমি আমার সতীর্থদের, সেবাস্তিয়ানকে (ভেরন) এবং এখন যারা আমার কথা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছি।’
বুয়েনস আইরেসে জন্ম নিলেও উরুগুয়েতে বেড়ে ওঠা মুসলেরার পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০০৪ সালে মন্তেভিদেও ওয়ান্ডারার্সের হয়ে; এরপর ন্যাসিওনালে খেলে মাত্র ছয় মাসের মাথায় ইউরোপে পাড়ি জমান এবং লাৎসিওতে যোগ দেন।
ক্যারিয়ারের সবচেয়ে সফল সময় কাটিয়েছেন তুরস্কের ক্লাব গালাতাসারায়ে, যাদের হয়ে ১৯টি শিরোপা জিতেছেন তিনি, আর সেখান থেকেই এস্তুদিয়ান্তেসে আসেন; এর মাঝে উরুগুয়ের জার্সিতে পাঁচটি বিশ্বকাপে খেলার পাশাপাশি ২০১১ সালের কোপা আমেরিকা জয়ের গৌরবও অর্জন করেন এই গোলরক্ষক।
আর্জেন্টিনার ক্লাবকে হারিয়ে লিবার্তাদোরেসে রাজত্ব ব্রাজিলিয়ানদের