সোনাতলায় নানি, সিংড়ায় ছোট ভাইকে হত্যা

নাটোরের সিংড়ায় বড় ভাই ছোট ভাইকে কুপিয়ে এবং বগুড়ার সোনাতলায় নাতি নানিকে কাঁচি দিয়ে আঘাত করে খুন করেছে।

সিংড়ার ঘটনাটি জমির ভাগ-বাটোয়ারা নিয়ে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পুঠিমারী গ্রামে বৈমাত্রেয় বড় ভাই ইসাহাক আলী তার ছোট ভাই হেদায়েত আলীকে কুপিয়ে হত্যা করে। নিহত হেদায়েত (১২) ওই এলাকার আবদুল কাদের কান্দুর ছেলে ও পুঠিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থেকে ইসাহাক আলী পলাতক।

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, পলাতক ইসাহাক আলীকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

অপরদিকে বগুড়ার সোনাতলায় মাদকাসক্ত নাতির হাতে জোছনা বালা (৫৫) খুন হলে অভিযুক্ত নাতি সুখদেব দাসকে (২১) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গত বৃহস্পতিবার রাতে সোনাতলা উপজেলার চকনন্দন গ্রামে এই খুনের ঘটনা ঘটে। নিহত জোছনা বালা ওই গ্রামের মৃত উপেন দাসের স্ত্রী। সোনাতলা থানার ওসি জাহিদ হোসেন জানান, নানির ঘরেই রাতে ঘুমাত সুখদেব। বৃহস্পতিবার গভীর রাতে সুখদেব কাঁচি দিয়ে তার নানির পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।