বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে শহরের এক ব্যক্তি গুলিবিদ্ধ ও দুই পুলিশ সদস্য আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে শহরের আদর্শ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবদুল্লাহ আল জোনায়েদ ওরফে রনিকে (৩৫) আটকের পর পুলিশি পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে এবং আহত দুই পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে পুলিশ আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ রনি শহরের হাকির মোড় এলাকার মৃত আবদুর রশিদের ছেলে। অপরাধ জগতে সে বি-ক্লাস রনি নামে পরিচিত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে শহরের তিনমাথায় আদর্শ কলেজের সামনে টহলরত ডিবি পুলিশ পৌঁছলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখানে গুরুতর আহত অবস্থায় বি-ক্লাস রনিকে পড়ে থাকতে দেখা যায়। তার পাশে একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও একটি চাপাতি পড়ে ছিল।