বন্ধু মাশরাফীর পাশে আশরাফুল!

বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না মাশরাফী বিন মোর্ত্তজার। চেনা ছন্দে না থাকায় শুনতে হচ্ছে সমালোচনা। এই দুঃসময়ে নড়াইল এক্সপ্রেসের পাশে দাঁড়ালেন জাতীয় দলে তার একসময়ের সতীর্থ ও বন্ধু মোহাম্মদ আশরাফুল। মাশরাফীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

আসরে এখন পর্যন্ত তিন ম্যাচে মাত্র একটি উইকেট পেয়েছেন মাশরাফী। ম্যাচ তিনটির একটিতে মাত্র পূর্ণ ১০ ওভার বোলিং করেছেন। বিশ্বকাপে এমন পারফরম্যান্সে মাশরাফী নিজেও হতাশ।

মাশরাফী প্রসঙ্গে আশরাফুল বলেন, “প্রথম ম্যাচে আমরা জিতেছি। সেখানে অতটা অবদান রাখতে পারেনি মাশরাফি। ওর ফিটনেসটা আগের চেয়ে একটু কমেছে। আমার কাছে মনে হয় আগে রানআপটা আরও দ্রুত ছিল। এই বিশ্বকাপে একটু কমেছে। এই দুই–তিনটা ম্যাচে হয়তো সেটিই সবার চোখে পড়েছে। তবে রান কিন্তু বেশি দেয়নি সে। এ ছাড়া শেষ ম্যাচে ব্রেক থ্রু এনে দিয়েছে। পুরো ১০ ওভার বল করেছে। ওকে নিয়ে আমাদের ধৈর্য ধরতে হবে।”

অন্যান্য দলের তুলনায় বাংলাদেশ বোলিং লাইনআপ যথেষ্ট দুর্বল বলে মনে করেন আশরাফুল, “আমাদের দল অসাধারণ। যতগুলো বিশ্বকাপ খেলেছি, এটাই আমাদের সেরা দল। তবে বোলিংটা দুর্বল। এটা মানতেই হবে। সে কারণে শীর্ষ চারে খেলাটা একটু কঠিন। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, এই উইকেটে আমাদের বোলারদের জন্য রান কম দেওয়া খুব কঠিন কাজ। অন্যান্য দলের বোলাররাও প্রচুর রান দিচ্ছে।”