ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ইউটিউবে শোয়েব-শেবাগের বাগযুদ্ধ (ভিডিও)

আগামীকাল বিশ্বকাপের মহারণে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই লড়াইয়ের আগে দেশ দুটির ক্রিকেটামোদীদের মতো বাগযুদ্ধে জড়ালেন দেশ দুটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ও বীরেন্দর শেবাগ।

দুই দেশের রাজনৈতিক বৈরিতায় দ্বিপাক্ষিক সিরিজ মাঠে নেই বহু বছর ধরে। তাই ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় লড়াই দেখতে দর্শকদের অপেক্ষা করতে হয় বিশ্বকাপের মত বৈশ্বিক আসরের জন্য। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।

ম্যাচটি নিয়ে বিশ্লেষণ করে এখন আলোচনায় পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার ও ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ। সম্প্রতি শোয়েবের ইউটিউব চ্যানেলে আপলোড করা এক ভিডিওতে দুই ক্রিকেট তারকাকে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কথা বলতে দেখা যায়।

ভারত ও পাকিস্তানের শীতল সম্পর্কের ঊর্ধ্বে ওঠে দুজনই প্রাণবন্তভাবে কথা বলেছেন ঐ ভিডিওতে। যদিও নিজ নিজ দলের পক্ষে সমর্থন যুগিয়ে আর জয়ের প্রত্যাশা ব্যক্ত করে দুজনের হাসিমাখা মুখের কথার লড়াইও যেন হয়ে উঠেছিল 'বাকযুদ্ধ’!

পারফরম্যান্স কিংবা শক্তিমত্তা বিচারে ভারতই পাকিস্তানের চেয়ে এবার এগিয়ে। তাছাড়া বিশ্বকাপে আগের ছয় দেখায় একবারো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। শেবাগ সেই আত্মবিশ্বাস নিয়েই জানিয়েছেন- পাকিস্তান ভারতকে হারাতে পারবে না।

তবে শোয়েব মনে করিয়ে দিয়েছেন- এটা বিশ্বকাপ, যেকোনো দলই নিজেদের দিনে জয় পেতে পারে। শুধু তা-ই নয়, টস জিততে পারলে ম্যাচ পাকিস্তানের দিকে অনেকটাই হেলে যাবে বলেও মত শোয়েবের।