সন্ত্রাসবাদ দমনে সফল পাকিস্তান: ইমরান খান

বিশ্বের গুটিকয়েক দেশ সন্ত্রাসবাদ দমনে সাফল্য অর্জন করেছে, তার মধ্যে পাকিস্তানের অবস্থান একেবারে সামনে- শুক্রবার এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে চলছে সাংহাই করপোরেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলন। জি নিউজ জানায়, সেখানেই ইমরান এই দাবি করেন। তার মতে, পাকিস্তান সব সময় সন্ত্রাসবাদের সমালোচনায় মুখর।

ওই সম্মেলনে যোগ দিয়েছে ভারতও। উপস্থিত রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিও সন্ত্রাসবাদ দমনে সবার সাহায্য চান।

তবে ঘুরিয়ে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেন মোদি। যদিও সরাসরি প্রতিবেশী দেশের নাম নেননি।

অন্যদিকে ইমরান দাবি করেন, পাকিস্তান তাদের সন্ত্রাসবাদ দমনের অভিজ্ঞতা ও কৌশল সবার সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। একই সঙ্গে এসসিও’র সন্ত্রাসবাদ দমনের উদ্যোগেও পাকিস্তান সর্বতোভাবে পাশে থাকতে চায়।

পাশাপাশি অভিযোগ করেন, গোটা বিশ্বে অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ছে। ইসলামের প্রতি আতঙ্ক বাড়ানো হচ্ছে। এতে ধর্মীয় বিভাজন তৈরি হচ্ছে।

আফগানিস্তান প্রসঙ্গেও মুখ খোলেন ইমরান খান। তার দাবি, সেনাবাহিনী দিয়ে আফগানিস্তানের সমস্যার সমাধান সম্ভব নয়। তবে সেখানে শান্তি ফেরাতে তার দেশ সময় সাহায্য করবে।