আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চ-িবিলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল ১০টায় এ সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় চারটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক এস এম ফারুক হোসেন ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. চাঁন মিয়ার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়।

শনিবার সকাল ৯টায় আকস্মিকভাবে দুই পক্ষ দেশি অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় চ-িবিলা গ্রামের চাঁন মিয়া গ্রুপের রাজা মোল্যা (৬৫), আকরাম মোল্যা (৩৫), আসাদ মোল্যাসহ (৪০) পাঁচজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রাজা মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় ইতিপূর্বে এই দুই গ্রুপ কমপক্ষে ৪-৫ বার সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এ ব্যাপারে মো. চাঁন মিয়া মুঠোফোনে বলেন, ‘ফারুক চেয়ারম্যানের লোকজন কোনো কারণ ছাড়াই আমার সমর্থকদের ওপর হামলা ও চারটি বাড়ি ভাঙচুর করেছে।’

চেয়ারম্যান ফারুক হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, ‘উপজেলা নির্বাচনের পর থেকেই আমার লোকদের ওপর বেশ কয়েকবার হামলা করে চাঁন মিয়া ও আলাউদ্দিন মিয়ার সমর্থকরা।’

বোয়ালমারী থানার ওসি এ কে এম শামীম হাসান জানান, সকালে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। দুই পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।