চট্টগ্রামের আনোয়ারায় পারকি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে কাউছার মোহাম্মদ মিনহাজ (১৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বন্ধুদের নিয়ে গোসল করতে নেমে ভাটার টানে তলিয়ে যায় ওই কিশোর। মিনহাজ শনিবার সকালে বন্ধুদের সঙ্গে মাইক্রোবাসে করে ফটিকছড়ি থেকে পারকি সৈকতে বেড়াতে আসে। সে ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও জাহানপুর আমজাদ আলী আবদুল হাদী ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র।
মিনহাজের সহপাঠী মোহাম্মদ ইসমাঈল জানায়, ‘শনিবার সকালে আমরা ১৬ বন্ধু মিলে ফটিকছড়ি থেকে পারকি সৈকতে বেড়াতে আসি। সবাই সমুদ্রে গোসল করতে নামি। হঠাৎ ঢেউ এসে আমাদের টান দেয়। মিনহাজ বাঁচাও বাঁচাও করে চিৎকার করলে আমি তার হাত ধরে ফেলি। পরে আরেকটি ঢেউ এসে আঘাত করলে দুজন আলাদা হয়ে যাই। এ সময় আমি বন্ধুদের সহযোগিতায় উঠে এলেও মিনহাজকে পাওয়া যায়নি।’
আনোয়ারার ইউএনও শেখ জোবায়ের আহমেদ দেশ রূপান্তরকে বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারে স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়েছে। তারা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।