আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০১৯-২০ অর্থবছরে তরুণ প্রজন্মকে দুর্নীতি থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের নিয়ে ‘সততা সংঘ’ গঠন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই সংঘ দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ডকুমেন্টের ‘মঞ্জুরি ও বরাদ্দের দাবিসমূহ (পরিচালন ও উন্নয়ন)’ অংশে এ কথা বলা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলো কী কী করবে, এর তথ্য উল্লেখ থাকে বাজেটের এ অংশে।
সততা সংঘ প্রতিষ্ঠা প্রসঙ্গে বলা হয়েছে, ‘তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্ব স্ব কর্ম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস, প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে “সততা সংঘ” প্রতিষ্ঠা করা হবে।’
অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে বিনিয়োগ বাড়াতে জেলা পর্যায়ে সেবা সহজ করার কথা বলা হয়েছে। দ্রুত সেবা দিতে সব জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ফ্রন্ট ডেস্ক ও ই-সেবা কেন্দ্রের কার্যক্রম চালু রাখা ও দ্রুত সেবা নিশ্চিত করতে ইন্টারনেট সংযোগকে ১০০ এমবিপিএসে উন্নীত করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া আবেদনের ৩০ দিনের মধ্যে কর্মরত অবস্থায় মৃত কর্মচারীর পরিবারকে আর্থিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে।
নতুন অর্থবছরে ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি)। এ ছাড়া ৪০তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষা নেবে কমিশন। অনলাইনভিত্তিক
বাণিজ্য সম্প্রসারণে ‘ই-বাণিজ্য করব, নিজের ব্যবসা গড়ব’ প্রকল্প বাস্তবায়ন করবে বাণিজ্য মন্ত্রণালয়।
ঢাকা মহানগর ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বদলি নীতিমালায় বিবাহিত শিক্ষিকাদের বিশেষ সুবিধাও দেবে মন্ত্রণালয়টি। শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ ছাড়াও নতুন অর্থবছর থেকে তা ওয়েবসাইটে প্রকাশ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় ১ হাজার ৪৯৮ কোটি ৬৬ লাখ টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১ হাজার ৫৩০ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ এলাকায় গৃহহীনদের জন্য বাড়ি নির্মাণসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সারা দেশে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণের মাধ্যমে হতদরিদ্রদের দারিদ্র্যসীমার ঊর্ধ্বে টেনে তোলার কার্যক্রম আগামী অর্থবছর থেকে শুরু করবে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ ছাড়া বঙ্গবন্ধু সেতুর উভয় প্রান্তের সড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু করবে বিভাগটি। ঢাকার চারপাশে বৃত্তাকার রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাই করবে রেলপথ মন্ত্রণালয়। গ্যাসের উৎপাদন বাড়াতে ১১টি ওয়ার্ক কূপ খনন করবে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ঢাকা শহরে সাবওয়ে ও যমুনা নদীর তলদেশে টানেল নির্মাণে সম্ভাব্যতা যাচাই করবে সেতু বিভাগ।
স্থানীয় অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে নারী শ্রমিক নিয়োগ ও ব্যবসায় সম্পৃক্ত নারীদের জন্য বাজারে নির্ধারিত স্থান রাখার উদ্যোগ নেবে স্থানীয় সরকার বিভাগ। অংশীদারত্বমূলক বৃক্ষরোপণ কার্যক্রমে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশ নিশ্চিত করার মাধ্যমে দরিদ্র নারীদের আয় বাড়াতে কাজ করবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ল্যান্ডলেস কনট্রাক্টিং সোসাইটির মাধ্যমে মাটির কাজে বাধ্যতামূলকভাবে ২৫ শতাংশ নারী নিয়োগ দেবে পানিসম্পদ মন্ত্রণালয়। ওএমএস ও কমদামে চাল বিক্রি কর্মসূচির আওতায় ১২ লাখ ২৫ হাজার টন খাদ্যশস্য বিতরণ করবে খাদ্য মন্ত্রণালয়।
কমিশন সচিবালয়ের বরাদ্দ ও কার্যক্রম সম্পর্কে এতে বলা হয়েছে, শূন্য থেকে ১৮ বছর বয়সের নিচের নাগরিকদের নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ ও বিতরণ করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই নিবন্ধন করে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। এ ছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রকল্পের আওতায় ৮২ হাজার ইভিএম ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি কেনা হবে।