ক্যানসারমুক্ত হয়ে ঘরে ফিরছেন ঋষি কাপুর

এক বছর পর নিজের ঘরে ফিরতে চলেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়াকে একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন।

‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমার এই অভিনেতা বললেন, আগস্টের শেষের দিকে ভারতে ফেরার চেষ্টা করছেন। এখন তিনি পুরোপুরি সুস্থ।   

ঋষি বলেন, “হ্যাঁ, আমি আগস্টের শেষের দিকে ঘরে ফেরার চেষ্টা করছি। তবে তার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবো। আমি এখন সুস্থ আছি। হয়তো ঘরে ফেরার সময় সম্পূর্ণ সুস্থ হয়ে যাবো।”

মে মাসে পরিচালক রাহুল রাওয়াইল জানান, ঋষি কাপুর এখন ক্যানসার মুক্ত। অভিনেতা নিজেও সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আজ নিউইয়র্কে আট মাস পূর্ণ হলো। কবে যে বাড়ি ফিরব?”

চিকিৎসা চলাকালে পরিবারকে পাশে পেয়েছেন ঋষি কাপুর। এর আগে একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “নীতু সব সময়ই আমার পাশে থেকেছে। এমনিতে খাবার এবং পানীয়ের বিষয়ে আমি খুবই খুঁতখুঁতে।”

ছেলে রণবীর প্রায়ই দেখা করতে যান বান্ধবী আলিয়াকে নিয়ে। শাহরুখ ও গৌরী খানও দেখা করতে গিয়েছেন ঋষির সঙ্গে।

১৯৮০ এর দশকের জনপ্রিয় নায়ককে শেষবার দেখা গিয়েছে অনুভব সিনহার ‘মূলক’ সিনেমায়।