হবু বরের সঙ্গে তুরস্কের পথে নুসরাত

তিন দিন পর কলকাতার নায়িকা ও সদ্য নির্বাচিত সাংসদ নুসরাত জাহানের বিয়ে।  এই কারণেই হবু বরকে নিয়ে শনিবার মধ্য রাতে তুরস্কের উদ্দেশে উড়াল দিলেন তিনি।

প্রথমে শোনা গিয়েছিল ইস্তাম্বুলে বিয়ে করতে চলেছেন নুসরাত-নিখিল জৈন। সেই গুঞ্জনকে উড়িয়ে তারা জানালেন, বিয়ের আসর বসবে বোদরুমে। এই শহরেরই এক পাঁচতারা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। অনুষ্ঠান চলবে তিন দিন।

বিয়ের আসরে অবশ্যই থাকছেন নুসরাতের বাবা-মা। সঙ্গে থাকবেন স্কুলের বান্ধবীরা। ইন্ডাস্ট্রির অতিথি বলতে বান্ধবী মিমি চক্রবর্তী থাকবেন। জিৎ ও দেব আমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু কাজের ব্যস্ততায় তারা থাকতে পারছেন না।

বিয়ের মেন্যুও দারুণ হতে চলেছে। নুসরাত খেতে ও খাওয়াতে ভালোবাসেন। মেন্যুতে নাকি তার ছাপ পাওয়া যাবে।

বৃহস্পতিবার রাতে বাড়িতে হয় গায়েহলুদ। তুরস্কে অনুষ্ঠিত হবে সংগীত, মেহেদি ও বিয়ের আনুষ্ঠানিকতা। এ ছাড়া থাকছে ইয়ট পার্টি।

বিয়ের পরপরই নবদম্পতি ইউরোপে হানিমুনে যাবেন। এরপর কলকাতার ফিরে দেবেন বিবাহোত্তর সংবর্ধনা।

নুসরাতের বর নিখিল জৈন কলকাতার খ্যাতনামা শিল্পপতিদের মধ্যে একজন। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর ইংল্যান্ডের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেন। আপাতত কলকাতাতেই প্রতিষ্ঠিত। নিখিলের শাড়ির ব্র্যান্ডের মডেল হয়েছিলেন নুসরাত। সেই সূত্রে তাদের আলাপ-পরিচয় ও প্রেম। এবার বিয়ে।