কুমিল্লা বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল হাসেম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহতের খবর পাওয়া গেছে। রোববার ভারতীয় সীমান্তের মথুরাপুর এলাকায় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আবুল হাসেম সদর দক্ষিণ উপজেলার কমলপুর বিরানহিনপুর গ্রামের মৃত মিন্নাত আলীর ছেলে।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, বিজিবির একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ওই মাদক ব্যবসায়ী আহত হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।