ভাঙার হামিরদী ইউনিয়নের বড় মুচকুরনী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ঢাল, সড়কি, কাতরা, বল্লম লড়াইয়ে দুই পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে। সংঘর্ষ থামাতে পুলিশ ৮টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত ২৬ জন ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। গুরুতর আহত ১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
হামিরদী ইউপির চেয়ারম্যান শামসুল হক রাসেল জানান, একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে বড় মুচকুরনী গ্রামের মিরাজ মাতুব্বরের সাথে মোকসেদ খালাসীর বিরোধ হয়। এই বিরোধকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে কয়েক ঘন্টাব্যাপি দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাইদুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।