বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দলকে জেতানোর পাশাপাশি দারুণ এক রেকর্ড গড়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্বদেশী কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সময়ে এগারো হাজার রানের রেকর্ডটি এখন তার দখলে।
রোববার ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে এবারের বিশ্বকাপের সবচেয়ে কাঙিক্ষত ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানে হারায় ভারত। ম্যাচটিতে ৭৭ রানের ইনিংস খেলে রেকর্ডটি নিজের করে নেন কোহলি।
ভারতীয় অধিনায়ক যখন মাঠে নামলেন তখন সাবেক অধিনায়ক শচীনকে টপকাতে তার প্রয়োজন ছিল আর মাত্র ৫৭ রান। ২২৮ ম্যাচে ২২১ ইনিংসে ১০৯৪৩ রান নিয়ে ব্যাট করতে নামেন তিনি। ফিরেছেন ২২৯ ম্যাচের ২২২ ইনিংসে ১১০২০ রান নিয়ে। ৬৫ বলে ৭৭ রান করে বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে ফেরেন কোহলি। তার ইনিংসটি সাজানো ছিল ৭টি চারে।
ভারতের ইনিংসের ৪৫তম ওভারে পাকিস্তানি পেসার হাসান আলির বলে চার হাঁকিয়ে ওয়ানডে ক্রিকেটে ব্যাট হাতে ১১ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন কোহলি। সেই সাথে দ্রুততম রান তোলার হিসাবে কিংবদন্তি শচীনকে ছাড়িয়ে যান এই ডানহাতি ব্যাটসম্যান।
১১ হাজারি ক্লাবে প্রবেশ করতে লিটল মাস্টারের খেলতে হয়েছিল ২৮৪ ম্যাচ, ২৭৬ ইনিংস। ভারতীয় কিংবদন্তির ঠিক পরেই আছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। এই অজি তারকা একদিনের ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে খেলেন ২৯৫ ম্যাচ, ২৮৬ ইনিংস।
ওডিআই ক্রিকেটে দ্রুততম সময়ে ১১ হাজার রান করা তিন ব্যাটসম্যান:
১. বিরাট কোহলি (ভারত): ২২৯ ম্যাচ, ২২২ ইনিংস
২. শচীন টেন্ডুলকার (ভারত): ২৮৪ ম্যাচ, ২৭৬ ইনিংস
৩. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ২৯৫ ম্যাচ, ২৮৬ ইনিংস