দিনাজপুরের ঘোড়াঘাটে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী কিরিনা মুর্মুকে (৪৫) শাবল দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রবিন মার্ডির (৬০) বিরুদ্ধে। ঘটনার পর রবিন কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সোমবার সকালে উপজেলার কালুপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম বলেন, সোমবার ভোরে রবিনের সঙ্গে স্ত্রী কিরিনা মুর্মুর ঝগড়া হয়। এক পর্যায়ে রবিন ঘরে থাকা লোহার শাবল দিয়ে কিরিনার মাথায় আঘাত করেন।
এতে ঘটনাস্থলেই কিরিনা মারা যান। পরে রবিন মার্ডি দানাদার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে কিরিনার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আটক দেখিয়ে রবিনকে পুলিশ হেফাজতে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”