বিশ্বকাপে বরাবরের মতোই ভারতের কাছে হারলো চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। বৃষ্টি হানা দেওয়া ডার্ক লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে নেয় ভারত। এমনিতেও ম্যাচে খেই হারিয়ে ফেলেছিল পাকিস্তান। জয়টা বলতে গেলে অনেকটা নিশ্চিতই ছিল ভারতের জন্য।
দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে রাজনীতির উত্তাপের শেষ নেই। কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনা নিহতের ঘটনায় দুই দেশের মধ্যে সৃষ্টি হয় যুদ্ধ পরিস্থিতি। যাতে পিছু হটটে বাধ্য হয় ভারত। ফলে ভারত ম্যাচ জিতে দেশের মধ্যে প্রশংসিত হচ্ছেন ভারতীয় ক্রিকেট দল। সেইসঙ্গে বাক্যবাণে পাকিস্তানকে একহাত নিতেও ছাড়ছে না ভারতীয়রা।
তবে দুই দেশের মধ্যে সম্প্রীতির বার্তা নিয়ে ম্যাঞ্চেস্টারের ম্যাচ দেখতে গিয়েছিলেন এক দম্পতি। সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণভাবে প্রশংসিত হয়েছেন তারা।
টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, এই দম্পতি যে জার্সি পরেছিলেন, তাতে ছিল অর্ধেক ভারত ও অর্ধেক পাকিস্তানের জাতীয় পতাকা।
ছবিটি টুইটারে পোস্ট করেছেন লন্ডনের বাসিন্দা লক্ষ্মী কৌল। তিনি ক্যাপশনে জানান, ওই ব্যক্তি পাকিস্তানি এবং তার স্ত্রী ভারতীয়। দুই দেশের মধ্যে রেষারেষি বাদ দিয়ে ক্রিকেট উপভোগ করতে এই পোশাকে স্টেডিয়ামে গিয়েছেন তারা।
এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। প্রায়ই তিন হাজারের মতো শেয়ার হয় পোস্টটি। লাইক পড়ে ১২ হাজারেরও বেশি।