কলেজছাত্রকে হত্যার অভিযোগে বিক্ষোভ

শরীয়তপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী ছাত্র ও ছাত্রলীগ কর্মী তারিকুজ্জামান তারিফ খানকে নবনির্মিত সেপটিক ট্যাংকে নামিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। অভিযোগটি উঠেছে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের পাঁচক গ্রামের হাইবক্স গোরাপির ছেলে সালাউদ্দিন গোরাপির বিরুদ্ধে।

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের পরিবার, শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী, ভোজেশ্বর ইউনিয়নবাসী ও শিক্ষকরা একটি মিছিল বের করেন। মিছিলটি শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এ সময় নিহত তারিফ খানের বাবা লিটন খান, চাচা স্বপন খান, কবির খান, ফুফু কিরণ মালা প্রমুখ উপস্থিত ছিলেন।