নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ৩০

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সিরিজ আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ৩৮ কিলোমিটার দূরে কনদুগায় তিন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালায়।

রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এসইএমএ) প্রধান উসমান কাচাল্লা বলেন, ‘বোমা হামলায় ৩০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এই হামলা চালানো হয়।’

এদিকে হামলার দায়িত্ব স্বীকার করেছে সন্ত্রাসী সংগঠন বোকো হারাম। গত এপ্রিলে বোকো হারামের দুই আত্মঘাতী নারী বোমা হামলাকারী মনগুনো শহরের বাহিরের একটি কারাগারে হামলা চালায়। ওই হামলা একজন সেনাসদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

বোকো হারাম এর আগেও কনদুগায় হামলা চালিয়েছিল। এএফপি জানায়, কনদুগায় বোকো হারাম সংশ্লিষ্ট কয়েকটি ছোট সশস্ত্র দল রয়েছে। এই দলগুলো প্রায়ই বিচ্ছিন্নভাবে হামলা চালায় শহরটিতে। মসজিদ, বাজার এবং বাসস্ট্যান্ডগুলোতে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটে।

নাইজেরিয়ায় বোকো হারামের সন্ত্রাসী হামলায় এ পর্যন্ত ২৭ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সংগঠনটির তৎপরতা পার্শ্ববর্তী দেশ শাদ এবং ক্যামেরুনেও বিস্তৃত রয়েছে।