‘ডাবলের’ নতুন রেকর্ড সাকিবের

সাকিব আল হাসানের ব্যাটে ভর করে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে এক রকম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এদিন ৯৯ বলে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলেন সাকিব। সঙ্গে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

এদিনের ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের পর বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির নজিরও গড়েছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ঠিক আগের ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

অনবদ্য ইনিংসটি খেলার পথে আসলে দারুণ কিছু মাইলফলক স্পর্শ করেন সাকিব। যার একটাতে সবাইকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশি অলরাউন্ডার। দ্রুততম সময়ে ৬ হাজার রান ও আড়াই শ উইকেট শিকারের অনন্য ‘ডাবলের’ রেকর্ডটি এখন সাকিবের।

এবারের বিশ্বকাপেই ওয়ানডেতে নিজের ২৫০তম উইকেটের দেখা পান সাকিব। তাতে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫ হাজার রান ও ২৫০ রানের কীর্তি ছোঁয়া হয়ে যার তার।

এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে ৬ হাজার রান থেকে মাত্র ২৩ রান দূরে ছিলেন সাকিব। সেটি পূরণ হতেই দ্রুততম ৬ হাজার রান ও ২৫০ উইকেট শিকারের রেকর্ড হয়ে যায় ওয়ানডেতে বাংলাদেশের সহ অধিনায়কের।

২০২ ওয়ানডেতে এই কীর্তি হলো সাকিবের। আগের রেকর্ডটি ছিল শহীদ আফ্রিদির। তার লেগেছিল ২৯৪ ইনিংস। জ্যাক ক্যালিসের লেগেছিল ২৯৬ ইনিংস। আর ৩০৪ ইনিংসে এই কীর্তি ছুঁয়েছিলেন সনাৎ জয়াসুরিয়া।