ভোটের ১৯ ঘণ্টা আগে সরে দাঁড়ালেন প্রার্থী

গাজীপুর সদর উপজেলা নির্বাচনের ১৯ ঘন্টা আগে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের আতিকুজ্জামান আতিক।

সোমবার দুপুর ২টায় গাজীপুর জেলা শহরে তার বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন প্রবাসী সাবেক এই ছাত্রলীগ নেতা। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রেস ব্রিফিং এ তিনি আওয়ামী লীগ ও নৌকার প্রতীকের প্রার্থী রীনা পারভীনকে সমর্থন জানিয়ে বলেন, দলের স্বার্থে এবং দলের সিনিয়র নেতাদের অনুরোধে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। একই সাথে তিনি তার সকল কর্মী সমর্থকদের নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান ফ্রান্স শাখা আওয়ামীলীগের এই নেতা।