ছবির নাম নিয়ে সমালোচনার জবাব দিলেন শাকিব খান (ভিডিও)

৬ বছর আগে শাকিব খান চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘মনের মতো মানুষ পাইলাম’ ছবিতে। জাকির হোসেন রাজু পরিচালিত এই ছবিতে তখন শাকিবের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। কিন্তু ৬ বছরের ব্যবধানে পাল্টে গেছে অনেক কিছুই। বদলে গেছে প্রযোজক, বদলে গেছে নায়িকাও। শুধু তাই নয়, জাকির হোসেন রাজু দেশ রূপান্তরকে জানিয়েছেন পরিবর্তন এসেছে গল্পেও। অপু বিশ্বাসের বদলে ছবির নায়িকা এখন শবনম বুবলী।

এদিকে ছবিটির নাম নিয়ে আপত্তি তুলেছেন শাকিব খানের ভক্তরা। অনেকে নামটির সমালোচনা করে ফেসবুকে মন্তব্য করেছেন, এই সময়ে এসে এমন পুরোনো নাম চলে না। অনেক ভক্ত ছবির নাম পরিবর্তনের দাবিও তোলেন। শাকিবের বেশ কয়েকটি ফ্যান পেজে এ নিয়ে প্রচারণাও চালানো হয়েছে। তাদের মতে, বর্তমান সময়ে এত বড় নাম বেমানান। সেই সব সমালোচনার জবাব দিলেন শাকিব খান।

১৭ জুন সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানেই শাকিব খান নাম পরিবর্তন বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। শুধু তিনিই নন পরিচালক জাকির হোসেন রাজুও ছবির নাম পরিবর্তন না করার ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানান।

জাকির হোসেন রাজু বলেন, ‘নামটি পরিবর্তন হওয়ার কোনোই সম্ভাবনা নেই। এটিই চূড়ান্ত। ছবির গল্পের জন্য এমন নামটিই রাখা হয়েছে।’

রাজু আরও বলেন, ‘যদি ঠিকঠাকভাবে সিনেমাটি মুক্তি পায় তাহলে বলতে পারি সিনেমাটি দেখে কোনো শ্রেণির দর্শক হতাশ হবেন না। এখন চারপাশে যা ঘটছে তা-ই সিনেমাটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

এদিকে নাম নিয়ে ভক্তদের আপত্তির জবাবে শাকিব খান বলেন, ‘অনেকেই ছবিটির নাম নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘মনের মতো মানুষ পাইলাম না’ এটা আবার কেমন নাম। আমার যারা ফ্যান আছেন তারা হয়তো ভাবতে পারেন এটা কেমন একটা নাম হয়ে গেল ‘মনের মতো মানুষ পাইলাম না’। একঘেয়েমি নাম হয়ে গেল। আমি অবশ্য জিজ্ঞাসা করেছিলাম রাজু ভাই, এই নাম কেন। একটু অন্যরকম নামও তো হতে পারে। তো যে ব্যাখ্যাটি আমি শুনেছি তাতে আমার হৃদয় ছুঁয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘মনের মতো মানুষ’ পাইলাম না একটি সামাজিক ছবি, একটি দেশ প্রেমের ছবি, যুব সমাজ গড়ার মতো ছবি।আমি প্রথমবার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’ ছবিতে। সেটাও ছিল জাকির হোসেন রাজু ভাইয়ের ছবি। এটাও তার ছবি। আশা করি এই ছবিটিও সুপার ডুপার হিট হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ড. মো. মুরাদ হাসান, বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, তথ্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ। নির্মাতা জাকির হোসেন রাজু, শাকিব খান ও শবনম বুবলী ছাড়াও অনুষ্ঠানে ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, চিত্রনায়িকা অঞ্জনা প্রমুখ।

সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন আবদুল্লাহ জহির বাবু। সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির দুটি গানের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। গাজী মাজহারুল আনোয়ার ও জাকির হোসেন রাজুর কথায় গান দুটির সুর ও সংগীত করেছেন শফিক তুহিন। কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা খ্যাত সংগীতশিল্পী রাশেদ। সিনেমাটি প্রযোজনা করছে দেশ বাংলা মাল্টিমিডিয়া।

উল্লেখ্য, এর আগে জাকির হোসেন রাজু শাকিব খানকে নিয়ে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘মনে প্রাণে আছ তুমি’, ‘স্বামীর সংসার’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘মা আমার স্বর্গ’, ‘মনের ঘরে বসত করে’ ছবিগুলো নির্মাণ করেন।