কাতারকে অবৈধভাবে বিশ্বকাপের আয়োজক হওয়ার পথে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাবেক উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ৬৩ বছর বয়সী প্লাতিনি ফিফা থেকে অবৈধভাবে অর্থ নেওয়ায় অভিযোগে ২০১৫ সাল থেকে ফুটবলে নিষিদ্ধ হয়ে আছেন।
২০১০ সালে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জাপানকে পেছনে ফেলে ২০২২ বিশ্বকাপের আয়োজকের মর্যাদা পায় কাতার। কিন্তু সেই প্রক্রিয়া নিয়ে ছিল প্রশ্ন। শুরু থেকেই অভিযোগ ছিল, ফিফার কর্মকর্তারা অবৈধভাবে কাতারকে বিশ্বকাপের আয়োজক হতে সাহায্য করেছেন। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে প্লাতিনিকে।
দুর্নীতির অভিযোগে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের পদত্যাগের পর প্লাতিনিই সংস্থাটির সর্বোচ্চ পদে বসবেন বলে ভাবা হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই তার বিরুদ্ধেও দুর্নীতির প্রমাণ পায় ফিফার এথিক্স কমিটি। তদন্ত শেষে ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে ব্লাটারের সঙ্গে প্লাতিনিকেও চার বছরের জন্য নির্বাসিত করে ফিফার এথিক্স কমিটি।
অভিযোগ ব্লাটারের নির্দেশে কাতার ফুটবল ফেডারেশন থেকে ১.৩৫ মিলিয়ন পাউন্ড নিয়েছিলেন প্লাতিনি।
২০০৭ থেকে ২০১৫ পর্যন্ত উয়েফার সভাপতি ছিলেন প্লাতিনি। দোষী প্রমাণিত হওয়ার পর উয়েফা থেকে নির্বাসিত হন। এবার গ্রেপ্তার করা হল তাকে।