দেবোত্তর সম্পত্তি: আ. লীগের সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

সরকারি অনুমতি ছাড়া দেবোত্তর সম্পত্তি হস্তান্তর ও গ্রহণের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

মঙ্গলবার দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর সহকারী পরিচালক আল-আমিন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় মামলাটি দায়ের করেছেন।

গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় রহনপুর মহন্ত এস্টেটের মহন্ত শ্রী ক্ষিতীশ চন্দ্র আচারী ও গোমস্তাপুর উপজেলার সাবেক সাবরেজিস্ট্রার বসু প্রদীপ কুমারকেও আসামি করা হয়েছে।

অন্য আসামিরা হলেন, গোমস্তাপুর উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার বসু প্রদীপ কুমার (বর্তমানে নওগাঁর পত্নীতলায় কর্মরত), স্থানীয় বাসিন্দা মো. বাহারাম মিঞা, মো. শফিকুল ইসলাম, মো. আখতারুল ইসলাম, মো. তারিকুল ইসলাম, মো. আতিকুর রহমান, মো. সাকিব উদ্দীন ও ঢাকার দারুস সালামের বাসিন্দা মো. শাহজাহান সেলিম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকারের অনুমতি না নিয়ে সেবায়েত ক্ষিতীশ চন্দ্র আচারী আখড়ার মোট ১৭৯ একর জমির মধ্যে ৪৪ একর জমি আট জনের কাছে হস্তান্তর করেন বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এর মধ্যে সোয়া আট একর জমি রেজিস্ট্রি হয় গোলাম মোস্তফা বিশ্বাসের নামে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে গোলাম মোস্তফা বিশ্বাস দশম জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।