দাপুটে ফুটবল খেলেও ভেনেজুয়েলাকে হারাতে পারল না ব্রাজিল। কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ‘ড্র’ করে মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
সালভাদরে বাংলাদেশ সময় বুধবার সকালে হওয়া ‘এ’ গ্রুপের ম্যাচে নেইমারহীন ব্রাজিলের মোট তিনটি গোল বাতিল হয়। ফাউলের কারণে প্রথমার্ধে ফিরমিনহোর গোল বাতিল হওয়ার পর দুইবার অফসাইড থেকে তিনি আরও দুটি গোল নষ্ট করেন। ড্রয়ের পরও দুই ম্যাচে এক জয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে দলটি।
আগের ম্যাচে সাদা জার্সিতে মাঠে নামার পর এদিন ঐতিহ্যবাহী হলুদে ফিরে আসে ব্রাজিল। ৪-২-৩-১ ফর্মেশনে খেলে ৬৯ শতাংশ সময় বল দখলে রাখে তিতের শিষ্যরা। গোটা ম্যাচে গোলমুখে ১৯টি শট নিয়েও জাল খুঁজে পায়নি তারা!
দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে তাদের দ্বিতীয় গোল বাতিল হয়। রিশার্লিসনের বদলি নামা গ্যাব্রিয়েল জেসুস বল জালে পাঠান। কিন্তু ভিএআরের সাহায্যে ফিরমিনহোকে অফসাইড ঘোষণা করেন রেফারি।
এরপর একইভাবে কৌতিনহোর আরেকটি ‘গোল’ বাতিল করেন রেফারি। ভিএআরে দেখা যায় এবারও অফসাইড ছিলেন ওই ফিরমিনহো!