বাংলাদেশের চিন্তা বাড়াতে প্রস্তুত হচ্ছেন স্টয়নিস

যে কোনো পজিশনে ব্যাট করতে ওস্তাদ। বল হাতে ডেথ-ওভারে দারুণ দাপুটে। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার শেষ দুই ম্যাচে খেলতে পারেননি। মিডিয়াম পেসার মার্কাস স্টয়নিসের অপেক্ষা শেষ হতে পারে বাংলাদেশ ম্যাচে।

বৃহস্পতিবার নটিংহ্যামে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।

ক্রিকইনফো জানিয়েছে, অলরাউন্ডার স্টয়নিস অনুশীলনে পুরোদমে বোলিং এবং ব্যাটিং করেছেন। তিনি খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে বুধবার অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন, ‘আপাতত মনে হচ্ছে সে আসলেই ভালো ব্যাট করছে। আমরা নজরে রাখছি। সে এলিট অ্যাথলেট, এলিট পেশাদার। ফিট হওয়ার জন্য সবকিছু করছে।’

বরাবরের মতো অস্ট্রেলিয়া এবার বিশ্বকাপেও ভারসাম্যপূর্ণ একটি দল নিয়ে খেলতে এসেছে। ৩৬টি ওয়ানডে খেলা স্টয়নিসকে পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে না পাওয়া গেলেও জয় পেতে সমস্যা হয়নি তাদের।

ওয়ানডেতে ৯৩.০৮ স্ট্রাইক রেটে এখন পর্যন্ত ৬ অর্ধশতকের বিপরীতে একটি শতক হাঁকানো স্টয়নিস একাদশে ঢুকলে বাংলাদেশের ঝামেলা বেড়ে যাবে। ওদিকে আবার আরেক পেসার নাথান কোল্টার-নাইলও ফিরবেন বৃহস্পতিবারের ম্যাচে। ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন না তিনি।

অস্ট্রেলিয়ার এই দলটির পেস আক্রমণের গভীরতা চোখে পড়ার মতো। পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনারদের না পাওয়া গেলেও পার্টটাইমাররা অভাব পুষিয়ে দিচ্ছেন।

লেগব্রেক বোলার অ্যাডাম জাম্পা ছিলেন না শেষ দুই ম্যাচে, এখনো মাঠে নামতে পারেননি অফব্রেক বোলার নাথান লায়ন। বাংলাদেশের বিপক্ষে তাদের না পেলে যথারীতি দুই পার্টটাইম স্পিনার দিয়ে কাজ চালাবে দলটি।