ছাত্রলীগ নেতা খুন

বিচার দাবিতে আ.লীগ নেতাদের মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে ছাত্রলীগ নেতা সোহেল রানার হত্যাকারীদের বিচার দাবিতে আওয়ামী লীগ নেতারা মানববন্ধন করেছেন। বড়াইগ্রাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার (২৮) খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও  ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে উপজেলা ও বনপাড়া পৌর ছাত্রলীগ। গতকাল বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বনপাড়া বাজারে নাটোর-পাবনা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বনপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, জেলা আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমুখ।

প্রসঙ্গত, গত ২ জুন বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গায় ঈদগাহ মাঠ সাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে সোহেল রানাকে হত্যা করা হয়।