আগের রাতের কথা জানতে চাওয়ায় খেপলেন আফগান অধিনায়ক

পারফরম্যান্সের কথা বললে বিশ্বকাপে আফগানিস্তানের অবস্থা একেবারেই নড়বড়ে। ৫ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি দলটি। মাঠের বাইরেও সময়টা ভালো যাচ্ছে না তাদের। সর্বশেষ ইংল্যান্ড ম্যাচের আগের রাতে রেস্টুরেন্টে খেতে গিয়ে ভক্তদের সঙ্গে আফগান ক্রিকেটারদের হাতাহাতি হয়েছে বলে খবর।

মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে হারে আফগানরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে আরেক বিতর্কে জড়ালেন আফগান অধিনায়ক গুলবাদিন নাইব। তাকে আগের রাতের ঘটনা জানতে প্রশ্ন করলেন সাংবাদিকেরা। কিন্তু নাইব প্রশ্নগুলোতে বিরক্ত হলেন।

প্রথমবার উত্তরে বললেন, এ নিয়ে টিম ম্যানেজার বা নিরাপত্তাকর্মীদের জিজ্ঞেস করেন, আমাকে নয়। দ্বিতীয়বার প্রশ্ন উঠতেই সংবাদ সম্মেলন ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন আফগান অধিনায়ক।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ম্যানচেস্টারের একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন আফগান ক্রিকেটাররা। সেখানে খেতে যাওয়া কয়েকজন আফগান ক্রিকেটারদের ছবি তুলতে যান। কিন্তু তারা বাধা নেন তাতে। একপর্যায়ে তা নাকি হাতাহাতিতে গড়ায়।

ব্যাপারটি পুলিশ পর্যন্তও গড়িয়েছে। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।