দক্ষিণ আফ্রিকাকে নিউজিল্যান্ডে হারিয়ে দেওয়ায় বিশ্বকাপের সেমি-ফাইনালে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেকটা কঠিন হয়ে পড়েছে। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে টাইগারদের জন্য। এই লড়াইয়ে জিতেই টিকে থাকার লক্ষ্য লাল-সবুজদের।
নটিংহ্যামের ট্রেন্টব্রিজে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি। এই ম্যাচেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা জানান, ভাগ্যে নয় জিতেই সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকতে চায় তার দল। এই জন্য জয় ছাড়া কিছুই ভাবছেন না তিনি।
এবারে বিশ্বকাপে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে বেশি কয়েকটি ম্যাচ। বৃষ্টির কারণে তো পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি। ঐ ম্যাচটি পরিত্যক্ত না হলে এবং বাংলাদেশ যদি জিতত তাহলে সেমিফাইনাল খেলার পথটা আরেকটু সহজ হয় বাংলাদেশের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষেও রয়েছে বৃষ্টির শঙ্কা।
নটিংহামের আবহাওয়া অনুযায়ী বৃষ্টির হতে পারে ম্যাচ চলাকালীন। বৃষ্টিতে যে একবারে ম্যাচ পণ্ড হবে সেই আশঙ্কা নেই বললেই চলে আপাতত। তবে ইংল্যান্ডের আবহাওয়া এই ভালো তো এই খারাপ। সেমি-ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। সংবাদ সম্মেলনে তা-ই বললের মাশরাফী।
“আমরা এখন যে অবস্থায় দাঁড়িয়ে, সেখানে ১ পয়েন্ট পেলে তা যে আমাদের খুব উপকারে আসবে, তা কিন্তু নয়। ২০১৫ বিশ্বকাপে যে অবস্থায় ছিলাম, সেখানে ১ পয়েন্ট পেয়ে লাভ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১ পয়েন্ট পেয়েও লাভ হয়েছে। আর যদি ৩-৪ ওভার খেলা হতো তাহলে হেরে যেতাম।”
“বৃষ্টি হলে, সেখান থেকে ১ পয়েন্ট পেলে তা যেন ভাগ্যের সহায়তা পায়। তবে জিতে ২ পয়েন্ট পেলে টূর্নামেন্টে ভালভাবে টিকে থাকতে পারব। টূর্নামেন্টে টিকে থাকতে তাই জয় দরকার।”