পুরোপুরি কঙ্গনার পক্ষে হৃতিকের বোন!

কঙ্গনা রনৌতের সঙ্গে বিরোধের মাঝে নাক গলালেন হৃতিক রোশনের বোন সুনয়না। তবে পুরোপুরি পরিবারের বিপক্ষে তার অবস্থান। বুধবার টুইটারে সুনয়না লেখেন, “আমি পুরোপুরি কঙ্গনার পক্ষে।”

টুইটটি করা হয়েছে সন্ধ্যায়। তার আগে সকালে সুনয়না লেখেন, “নরকবাস চলছে। আমি ক্লান্ত।”

কয়েক দিন আগে কঙ্গনা মুম্বাই মিররকে জানান, সুনয়না তার দীর্ঘদিনের বন্ধু। এমনকি হৃতিকের পরিবারের সঙ্গেও সুসম্পর্ক ছিল। যদিও এখন তারা উল্টো কথা বলছেন।

সঙ্গে জানান, সুনয়নার সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও তাদের পারিবারিক বিবাদের সুযোগ নিতে চান না। কঙ্গনা বলেন, “কেউ সমস্যায় থাকলে তাকে আমি আঘাত করতে চাই না।”

সম্প্রতি গুঞ্জন ওঠে, সুনয়না বাইপোলার ডিসঅর্ডারের কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে তিনিই জানান, অতিরিক্ত মদের নেশার কারণে বিহ্যাবে যেতে হয়েছে।

ইন্ডিয়া টুডে’কে বলেন, “পরিবারে কিছু সমস্যা রয়েছে। কিন্তু এই নিয়ে আমাকে কিছু জিজ্ঞাসা করবেন না প্লিজ। কারণ হাজার হোক আমার নিজের পরিবার তো। আমি চাই না আমার জন্য কারো কোনো অসুবিধা হোক। শুধু এইটুকু বলতে পারি যে বাড়ি ফেরার আগে ১৭-১৮ দিন ধরে আমি একটি হোটেলে ছিলাম। এখন একই বিল্ডিংয়ে আমার বাবা-মাও থাকেন। কিন্তু আমি সম্পূর্ণ একটি আলাদা ফ্লোরে থাকি আর আমার বাড়িতে ঢোকার দরজাও আলাদা। খুবই কষ্টকর কিন্তু সত্যিই ওরা আমার পাশে নেই।”

এদিকে মঙ্গলবার রাজকুমার রাও এবং কঙ্গনা অভিনীত ‘মেন্টাল হ্যায় ক্যায়া’র মোশন পোস্টার মুক্তি পায়। সঙ্গে এও ঘোষণা করা হয়, ট্রেলার প্রকাশ পাবে বুধবার। কিন্তু তা হয়নি।

ছবির নাম নিয়ে আগেই আপত্তি তুলেছিলেন ভারতের অনেকে মনোরোগ চিকিৎসক। সেন্সর বোর্ড প্রধান প্রসূন জোশির কাছে অভিযোগে তারা জানান, ছবির নামটি বৈষম্যমূলক, অপমানজনক ও অমানবিক।

তখন নির্মাতারা বলেন, ট্রেলার দেখে যেন সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। কিন্তু নির্দেশ মাফিক, সেন্সরের ছাড় না পাওয়া পর্যন্ত তারা ট্রেলার প্রদর্শনও করতে পারবেন না। বিষয়টি নিয়ে আরও আপত্তি তুলেছে দীপিকা পাড়ুকোনের মানসিক স্বাস্থ্য রক্ষা সংক্রান্ত সংস্থা।