আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নড়াইল নরাগাজির এলাকার মৃত লাল মিয়া শেখের ছেলে সদর আলী এবং সাতক্ষীরার শ্যামনগর এলাকার সামাদ ফকিরের ছেলে আলমগীর।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সখিপুরের দিক থেকে একটি মোটরসাইকেলে করে দুইজন ঢাকার দিকে আসছিল। শ্রীপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে করে দুইজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ঘটনার সঙ্গে জড়িত ট্রাক ও চালককে আটক করা সম্ভাব হয়নি।