ভারতের বিপক্ষে বাজেভাবে হারের স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না পাকিস্তান। ম্যানচেস্টারে সেই হারের জন্য অধিকাংশ লোকেই সরফরাজ আহমেদের অধিনায়কত্বের সমালোচনা করছেন। এই দলে আছেন কামরান আকমলও। তিনি শুধু সমালোচনাই করেননি, একধাপ এগিয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপও কামনা করেন।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ইমরান খান টুইট করে সরফরাজকে টস জিতলে ব্যাটিং নিতে বলেছিলেন। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে টস জিতে ফিল্ডিং নেন পাকিস্তানি অধিনায়ক। এ সিদ্ধান্তের সমালোচনা করে কামরান বলেন, ‘রান তাড়া করে পাকিস্তান কোনো ম্যাচ জিততে পারেনি। আমাদের একমাত্র জয় এসেছে আগে ব্যাটিং করে ইংল্যান্ডের বিপক্ষে তিনশোর বেশি রান করে। ভারতের বিপক্ষে ম্যাচে আমাদের ব্যাটিংয়ের সব দুর্বলতাগুলো প্রকাশ পেয়েছে।’ এরপরই তিনি প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেটের পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী ইমরান খানকে অনুরোধ করছি, তিনি যেন সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে কঠোর হন। যারা পাকিস্তান ক্রিকেটের অপূরণীয় ক্ষতি করছে, তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। আমাদের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে, যারা তাদের মেধা দিয়ে দলে জায়গা পাওয়ার দাবি রাখে।’