চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার ৪২ শতাংশ সেদ্ধ চাল সংগ্রহ করা হলেও একই সময়ে ধান সংগ্রহ করা হয়েছে লক্ষ্যমাত্রার মাত্র ১২ শতাংশ। অভিযান শুরুর পরে গত দুই মাসে এসব চাল ও ধান সংগ্রহ করা হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী জানান, সরকার প্রথমে দেড় লাখ ও পরে আরও আড়াই লাখ মেট্রিক টন ধান এবং ১০ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৫ এপ্রিল থেকে এই সংগ্রহ অভিযান শুরু হয়।
১৬ জুন পর্যন্ত ৪৬ হাজার ২৬৩ মেট্রিক টন ধান (দুই দফায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্যমাত্রার ১১ দশমিক ৫৭ শতাংশ), ৪ লাখ ২৩ হাজার ৫৩২ মেট্রিক টন সেদ্ধ চাল (লক্ষ্যমাত্রার ৪২ দশমিক ৩৬ শতাংশ) সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া এ সময়ে ৩৬ হাজার ৩০৬ মেট্রিক টন আতপ চাল ও ২৩ হাজার ৬১২ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে।
মন্ত্রী বলেন, বাম্পার ফলনের কথা চিন্তা করে পরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। তবে কৃষকদের থেকে সরাসরি চাল সংগ্রহের কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, মধ্যস্বত্বভোগী ও ফড়িয়ারা যাতে কৃষকদের ধানের ন্যায্যমূল্য বঞ্চিত করতে না পারে, সে জন্য খাদ্যশস্য নীতিমালা ২০১৭-এর আলোকে কৃষি সম্প্রসারণ বিভাগের প্রণীত ও উপজেলা সংগ্রহ এবং মনিটরিং কমিটি অনুমোদিত তালিকা অনুযায়ী কৃষকদের থেকে ধান সংগ্রহ করা হচ্ছে।