ট্রাকের ধাক্কায় সকালে ঝরল ৩ শ্রমিকের প্রাণ

নাটোরের গুরুদাসপুরে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান আরোহী তিন শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নাটোর-সিরাজগঞ্জ সড়কের রাণীগ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন হলেন- সিরাজগঞ্জের তাড়াশের আবদুল কাদের (৫০) ও রুহুল আমিন (৩৫)। অন্যজনের পরিচয় জানতে পারেনি পুলিশ।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে একটি পণ্যবাহী ট্রাক এবং শ্রমিকদের নিয়ে একটি পিকআপ ভ্যান নাটোরের দিকে যাচ্ছিল। রাণীগ্রাম এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা তিন শ্রমিক নিহত হন।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।