এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে আছে স্বাগতিক ইংল্যান্ড। কঠিন এই প্রতিপক্ষের মুখোমুখি নিজেদের খুঁজে ফেরা শ্রীলঙ্কা। হেডিংলির লিডসে ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামতে যাচ্ছে দিমুথ করুনারত্নের দল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৭ রানের হারের ধাক্কা এখনও টাটকা শ্রীলঙ্কা শিবিরে। এক কথায় এখন দ্বীপরাষ্ট্র বিশ্বকাপে বেঁচে থাকার লড়াইয়ে নামতে যাচ্ছে। দশ দলের আসরে শ্রীলঙ্কার স্থান এখন ছয় নম্বরে। একটি মাত্র জয়ের সৌজন্যে তাদের সংগ্রহে চার পয়েন্ট। বৃষ্টিতে দুটি ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় সেখান থেকে শ্রীলঙ্কা পেয়েছে দুই পয়েন্ট। শেষ চারের লড়াইয়ে টিকে থাকার জন্য প্রায় সব ম্যাচই জিততে হবে তাদের।
অন্যদিকে ইংল্যান্ড শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে। একমাত্র পাকিস্তানের কাছে হেরেছে আয়োজক দেশ। চমকে দেওয়ার মতো পরিসংখ্যান একটাই। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ১০ ব্যাটসম্যানের মধ্যে পাঁচজনই ইংল্যান্ডের। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত ডজন সেঞ্চুরি এসেছে। পাঁচটি সেঞ্চুরিই এসেছে ইংল্য়ান্ডের থেকে। বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কার জন্য ম্যাচটি কত কঠিন হবে।
আশার কথা হচ্ছে লিডসে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ঝকঝকে মেঘমুক্ত আকাশেই হতে চলেছে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচ।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেমন ভিঞ্চ, জো রুট, ইয়ন মর্গান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটকিপার), মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটকিপার), আভিস্কা ফের্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, জিবন মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্কা ও নুয়ান প্রদিপ