ঢাকার ধামরাইয়ে মসজিদ এবং মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে গুরুতর আহত হয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ বেনজির আহমদ।
তাকে দ্রুত উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
শুক্রবার দুপুর উপজেলার রোয়াইল ইউনিয়নের নির্মানাধীন চরসুঙ্গর মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে তিনি আহত হন।
ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন জানান, দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে চরসুঙ্গর এলাকায় নির্মাণাধীন মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজ পরিদর্শনে যান আলহাজ বেনজির আহমদ। এসময় তিনি হঠাৎ ফ্লোরে থাকা ইট-সুরকির স্তুপে হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে যান। এতে তিনি নাক ও মুখে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে দ্রুত সাভার এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
‘সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এমপি বেনজির আহমদ আশঙ্কামুক্ত’।
বেনজীর আহমদ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি পদে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।