ডেইরি শিল্প রক্ষার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

‘গুঁড়ো দুধ আমদানি বন্ধ কর-ডেইরি শিল্প রক্ষা কর’, ‘গুঁড়ো দুধ আমদানি নিষিদ্ধ কর-দেশীয় খামার রক্ষা কর’ ইত্যাদি সেøাগান নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার দুগ্ধ-খামারিসহ পাঁচ শতাধিক সমবায়ী।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন কাশিয়ানী শাখার উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা মহাসড়কের ওপর কয়েক কলস দেশীয় তরল দুধ ঢেলে দেন।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি নায়েব আলী খান, লক্ষ্মীপুর কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ, দুগ্ধ-খামারি মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম খান (বাবু), সাবেক ইউপি-চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, রাতইল ইউপি-চেয়ারম্যান বিএম হারুণ-অর-রশিদ (পিনু), মহেশপুর ইউপি-চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানাসহ অনেকে।