আমার সময় ভালো যাচ্ছে

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এ সপ্তাহে কলকাতায় মুক্তি পেয়েছে তার সিনেমা ‘বিবাহ অভিযান’। আর দু’দিন পরই ‘ঢাকা ২০৪০’-এর শ্যুটিং শুরু করবেন তিনি। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ
 

সুসময়ে ফারিয়া...

গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে আমার সিনেমা ‘বিবাহ অভিযান’। আর দু’দিন পরেই দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’-এর শ্যুটিং শুরু করব। এই সিনেমার প্রস্তাব পেয়েছিলাম ৯ মাস আগে। যেদিন প্রস্তাব পাই ঠিক তার পরদিনই আমার আরেক সিনেমা ‘শাহেনশাহ’-এর মহরত ছিল। সব মিলিয়ে খুব ভালো সময় পার করছি। আশা করছি এমন সব ভালো কাজই করে যেতে পারব আজীবন।

 

বিবাহ অভিযানের সাড়া

কলকাতার গুণী নির্মাতা বিরশা দাশগুপ্ত পরিচালিত ‘বিবাহ অভিযান’ সিনেমার মাধ্যমে চার বছর পর জুটি হয়ে অঙ্কুশের সঙ্গে কাজ করেছি। সে আমার প্রথম সিনেমা ‘আশিকি’র নায়ক। ফলে তার প্রতি আলাদা দুর্বলতা রয়েছে আমার। এ ছাড়া আছেন রুদ্রনীল ঘোষ, সোহিনী সরকার, অনির্বাণ ও প্রিয়াঙ্কা সরকার। এর গল্পও লিখেছেন রুদ্রনীল। এখানে আমি যাদবপুর বিশ^বিদ্যালয়ের একজন রাজনীতিসচেতন ছাত্রী। যেখানেই অন্যায়-অবিচার দেখি, সেখানেই আন্দোলন গড়ে তুলি। মানসিকভাবে শক্তিশালী এ ধরনের একটি চরিত্র আগে করিনি। একেবারেই বাস্তবধর্মী চরিত্র। খুবই শক্তিশালী গল্পের কমেডি সিনেমা এটি। তা ছাড়া পরিচালক, শিল্পী সবাই যার যার জায়গায় অনবদ্য। ফলে দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে অনেক আগ্রহ ছিল মুক্তির আগেই। মুক্তির পর মাত্র একদিন গেল, এখনই পূর্ণাঙ্গভাবে বলা যাচ্ছে না সিনেমাটি কেমন চলেছে। তবে প্রথম দিনই অভূতপূর্ব সাড়া পেয়েছি।

 

‘ঢাকা ২০৪০’...

দীপঙ্কর দীপন এর আগে ‘ঢাকা অ্যাটাক’ সিনেমা বানিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এবার তিনি নিয়ে আসছেন ২০ বছর পর ঢাকা কেমন হতে পারে সেই গল্প। এমন একটি ফিউচারস্টিক সোশ্যাল ড্রামাতে আমাকে তিনি যে গুরুদায়িত্ব দিয়েছেন আশা করি তা খুব ভালো করে দর্শকের কাছে তুলে ধরতে পারব। প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে রূপায়ণের যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনা ঠিকমতো বাস্তবায়িত হলে ঢাকা কেমন হবে, তা বড়পর্দায় তুলে ধরব আমরা। এটি ভিশন ২০৪১-এর ঠিক আগের বছর অর্থাৎ ২০৪০ সালের ঢাকার গল্প। তবে এটি সায়েন্স ফিকশন সিনেমা নয়।