বিশ্বকাপে ফর্মের তুঙ্গে ভারত। ছন্দে আছেন অধিনায়ক বিরাট কোহলিও। জয়ের ছন্দ ধরে রাখতে পয়েন্ট টেবিলের তলানির দল আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে টিম ইন্ডিয়া। ম্যাচটিতে বিশেষ নজর থাকছে কোহলির দিকে। কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ডটি নিজের করে নিতে যাচ্ছেন তিনি। দরকার মাত্র ১০৪ রান!
শনিবার সাউদাম্পটনের রোজ বল স্টেডিয়ামে এই রান করতে পারলেই রেকর্ডটি নিজের করে নিবেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে ৪১৫ ইনিংসে এই মুহূর্তে তার রান ১৯,৮৯৬। অর্থাৎ, আর মাত্র ১০৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মালিক হবেন ভারত অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেটে একই সঙ্গে ৪৫৩ ইনিংসে ২০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার নজির রয়েছে মাস্টার-ব্লাস্টার শচীন টেন্ডুলকার ও ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান লারার। ৪৬৮ ইনিংস খেলে ২০ রান করে এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিটি পন্টিং।