ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের একসঙ্গে একাধিক কাজে জড়িত থাকতে দেখা যায়। তাদের এই লাগামহীন কাজের পরিধিতে লাগাম টানতে চাচ্ছে দেশটির বিসিসিআই)। এ জন্য সৌরভ গাঙ্গুলি, শচীন টেন্ডুলকারদেরকে যেকোন একটি পেশা বেছে নেয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই।
বছরের বিভিন্ন সময়ে সাবেক ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেট প্রশাসনে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোনো দলের সাথে, বিভিন্ন টুর্নামেন্ট বা সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অথবা কোনো দলের কোচের ভূমিকায় দেখা যায়। এই তালিকায় আছেন শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, সুনীল গাভাস্কার, হরভজন সিং, অনিল কুম্বলে, সঞ্জয় মাঞ্জেরেকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রবিন উথাপ্পা, ইরফান পাঠানসহ আরো অনেকে। বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না বিসিসিআই। এজন্য সাবেক ক্রিকেটারকে সতর্ক করে নোটিশ পাঠিয়েছে বোর্ড।
বিসিসিআইয়ের আইনে কারোর একইসাথে একাধিক দায়িত্ব পালন করার বিধান নেই। এর আগে আইপিএলের দ্বাদশ আসর চলাকালীনও শচীন-সৌরভের নোটিশ দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যক্তি একইসাথে বর্তমান খেলোয়াড়, নির্বাচক বা ক্রিকেট কমিটির সদস্য, টিম ম্যানেজমেন্টের সদস্য, ধারাভাষ্যকার, ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা, ক্রিকেট কমিটির প্রশাসক থেকে শুরু করে ক্রিকেট একাডেমির মালিকের দায়িত্বে থাকতে পারবেন না।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কড়া সিদ্ধান্তের ফলে কমে যাচ্ছে ক্রিকেটারদের কাজের পরিধি। একই ব্যক্তিকে আর বিভিন্ন সময় বিভিন্ন পদে দেখা যাবে না।