সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের ‘অনেক সাধনার’ মেট এক্স

মার্কিন নিষেধাজ্ঞায় টালমাটাল হুয়াওয়ে তাদের প্রথম ভাঁজ করা ফোন মেট এক্স সেপ্টেম্বরে বাজারে ছাড়বে। এই ফোন নিয়ে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির অনেক আশা। স্যামসাংয়ের ভাঁজ করা ফোনের সমস্যা দেখে চলতি মাসের শুরুতে নিজেদের ফোনের উদ্বোধন পিছিয়ে দেয় তারা।

মেট এক্স বাজারে ছাড়ার বিষয়টি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারকে নিশ্চিত করেছেন হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিনসেন্ট পেং।

তিনি বলেন, ‘সেপ্টেম্বরেই এটি বাজারে আসছে। সম্ভবত শুরুর দিকে। এতটুকু নিশ্চিত সেপ্টেম্বরেই আসছে।’

মেট এক্স নিয়ে হুয়াওয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি। প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের ফোনে সমস্যা দেখে তারা নিজেদের ফোন নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে এবং এখনো চালাচ্ছে।

মেট এক্স নিয়ে হুয়াওয়ে কতটা সতর্ক সেটি ভিনসেন্ট পেংয়ের কথায় বোঝা যায়, ‘আমরা অনেক পরীক্ষা করছি। কোনো সমস্যা রেখে ফোন বাজারে ছেড়ে সুনাম নষ্ট করতে চাই না।’

মে মাসের শেষ দিকে হুয়াওয়ের সঙ্গে গুগল তাদের অপারেটিং সিস্টেমের চুক্তি বাতিল করে। যার কারণে এই কোম্পানির নতুন ফোনে অ্যান্ড্রয়েড সেবা পাওয়া যাবে না। মেট এক্সের সঙ্গে আগে থেকে চুক্তি থাকায় অবশ্য অ্যান্ড্রয়েড নিয়ে কোনো সমস্যা হবে না।

গুগলের সরে যাওয়ায় বিশ্ব বাজারে হুয়াওয়ের বিক্রি কমে গেছে। এখন এই মেট এক্স দিয়ে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে চায় তারা।

নিজেদের ভাঁজ করা ফোনের স্ক্রিনে সমস্যা ধরতে পেরে কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংও উদ্বোধন পিছিয়ে দেয়। এপ্রিলে তাদের বাজারে আসার কথা ছিল। নতুন তারিখ এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।

স্যামসাংয়ের ফোনটিতে ফোরজি অথবা ফাইভজি ব্যবহার করা যাবে। সামনে-পেছনে রয়েছে ছয়টি ক্যামেরা। মেট এক্সে ফাইভজি সুবিধার সঙ্গে ক্যামেরা থাকছে চারটি। তাদের দাবি, ভাঁজ করা ফোনের ভেতর মেট এক্স সবচেয়ে দ্রুত কাজ করবে। এই দাবির সত্যতা পেতে অবশ্য দেরি করতে হবে। কেননা, ফাইভজি এখনো কোনো দেশে শক্তিশালী অবস্থায় যাত্রা শুরু করেনি।

গ্যালাক্সি ফোল্ডের বৃহত্তম স্ক্রিনটি রাখা হয়েছে ভেতরে। বাইরের কভার এটিকে আটকে রাখে। হুয়াওয়ের মেট এক্স এই দিক থেকে একটু আলাদা। ফ্রেমের সঙ্গে রাখা হয়েছে স্ক্রিন। এর সুবিধা হলো, এক স্ক্রিনকে তিনভাবে ব্যবহার করা যায়।