ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট চ্যানেল ফিচার চালু হয়েছে আগেই। আর তা জনপ্রিয়তা পেয়েছে সঙ্গে সঙ্গে। এরই ধারাবাহিকতায় ফেসবুক ও মেসেঞ্জারে ব্রডকাস্ট চ্যানেল ফিচার চালু করতে চলেছে প্রভাবশালী প্রযুক্তি সংস্থা মেটা। সংস্থাটির প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ সম্প্রতি এক ব্লগ বার্তায় এ ঘোষণা দিয়েছেন; আর এরপরই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। বিভিন্ন প্লাটফর্মের মধ্যে চলমান প্রতিযোগিতায় নতুন এই ফিচার কী যোগ করবে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারকারীদের জীবনে? আর কতটাই বা সাড়া ফেলবে?

ফলোয়ারদের কাছে পৌঁছানো সহজ হবে
মেটা বলছে, ব্রডকাস্ট চ্যানেল একটি পাবলিক মেসেজিং টুল। ফিচারটি চালুর পর ফেসবুকে শুধু ফলোয়ারদের নিয়েই আলাদা চ্যানেল তৈরি করার সুযোগ পাওয়া যাবে। এর ফলে ফলোয়ারদের জন্য আলাদা অডিও বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করা যাবে। তবে ফেসবুকে বন্ধু তালিকায় থাকা অন্য ব্যক্তিরা এসব অডিও বার্তা, ছবি বা ভিডিও দেখতে পাবে না। একইসঙ্গে মেসেঞ্জারেও গ্রুপ চ্যাটের আদলে নির্দিষ্টসংখ্যক ব্যক্তিদের জন্য আলাদা পোস্ট করা যাবে।
আবার পেজ এডমিনরা চাইলে নির্দিষ্ট বিষয়ে পোল করার সুযোগও থাকছে এখানে। বলা যায়, গ্রাহকদের আকৃষ্ট করতে ফেসবুকের সর্বশেষ সংযোজন এই ফিচার। এটি চালু হলে জনপ্রিয় ব্যক্তি ও কন্টেন্ট নির্মাতারা তাদের নির্দিষ্ট ফলোয়ারদের কাছে আরও সহজে পৌঁছাতে পারবে।
চলছে নিরীক্ষা
মেটার নতুন ফিচারটি এখনও নিয়মিত ব্যবহারকারীরা পায়নি। তবে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স এবং ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের মতো কিছু প্রতিষ্ঠানকে ফিচারটি ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। মূলত এর মাধ্যমে ব্রডকাস্ট চ্যানেল ফিচারের কার্যকারিতা নিরীক্ষা করে দেখছে মেটা। নিরীক্ষা সফল হলে ব্যবহারকারীরা ফেসবুকে তাদের পছন্দের পেজের সর্বশেষ আপডেট পেতে ব্রডকাস্ট চ্যানেলে যোগ দিতে পারবে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ফিচারটি চালু হবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রযুক্তিপ্রেমীদের প্রত্যাশা, নতুন ফিচার নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তার ফলোয়ারদের সঙ্গে আরও বেশি সংযুক্ত করবে। সাহায্য করবে তাদের কাছে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আরও গভীরভাবে বুঝতে।

যেভাবে কাজ করে
ফেসবুক ও মেসেঞ্জারে ব্রডকাস্ট চ্যানেল ফিচার চালু হলে প্রথমে ফলোয়ারদের নিজের চ্যানেলে যোগ দিতে আমন্ত্রণ জানাতে হবে। এরপর অডিও বার্তা, ছবি বা ভিডিও পোস্ট করলেই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা সব ফলোয়ার সেগুলো দেখতে পারবে এবং প্রতিক্রিয়া জানাতে পারবে। এভাবেই নিয়মিত পছন্দের পেজ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বশেষ পোস্ট দেখার সুযোগ পাবে তারা। আবার ফেসবুক ও মেসেঞ্জারের নোটিফিকেশনের মতো চাইলে এসব আপডেট এড়িয়ে চলা যাবে।
অপরদিকে কেউ যদি ফেসবুকে এমন কোনো পেজ পরিচালনা করে যেখানে ব্রডকাস্ট চ্যানেল সুবিধা পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে তিনি পেজ থেকেই চ্যানেল চালু করতে পারবেন। তা না হলে নাম লেখাতে হবে অপেক্ষমানদের তালিকায়। এরপর ফিচারটি এলে নির্দিষ্ট ব্যবহারকারীকে তা জানিয়ে দেবে ফেসবুক।
নিরাপত্তা ও গোপনীয়তা
মেটা বলছে, ব্রডকাস্ট চ্যানেল সুবিধা ফেসবুক এবং মেসেঞ্জারের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলবে। ফলে ব্যবহারকারীরা নিরাপদে ফিচারটির অংশ হতে পারবে। একইসঙ্গে কোনো চ্যানেলে প্রদর্শিত কন্টেন্ট নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে রিপোর্টও করা যাবে। যদি তা ফেসবুক ও মেসেঞ্জারের কমিউনিটি স্ট্যান্ডার্ড ক্ষুন্ন করে সেক্ষেত্রে কন্টেন্টটি অপসারণ করা হতে পারে। এজন্য যথাযথ প্রক্রিয়া মেনে চলার পাশাপাশি যথেষ্ট সরঞ্জাম ও পর্যালোচক রয়েছে বলে জানিয়েছে মেটা।