আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে নানা আয়োজন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রবিবার নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দেওয়া, কেক কাটা, দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও আলোচনা সভা।  

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন দেশ রূপান্তরকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিকেল ৩টায় নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আরও অনেকে।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম সালাম জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। পাশাপাশি মাসব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এর অংশ হিসেবে আগামী শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে সেমিনার ও বর্ষীয়ান নেতাদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়াও জেলার অধীন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রতিষ্ঠাবাষির্কী পালনে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূচির পাশাপাশি এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। পাশাপাশি আগামী বুধবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এ ছাড়াও অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও সংসদ সদস্যরা।